
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে রাশিয়া ইরানকে ড্রোন যুদ্ধ পরিচালনার বিষয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত সহায়তা দিচ্ছে বলে জানিয়েছে সিএনএন। এক পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।
বুধবার (১১ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ওই কর্মকর্তার মতে— ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত উন্নত ড্রোন যুদ্ধের কৌশলগুলো এখন ইরানের সঙ্গে ভাগাভাগি করছে রাশিয়া। এতে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে কীভাবে ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় অঞ্চলের লক্ষ্যবস্তুতে আঘাত হানা যেতে পারে। এই ড্রোনগুলো রাশিয়া ব্যাপক হারে উৎপাদন করেছে এবং ইউক্রেন যুদ্ধে বারবার ব্যবহার করেছে।
গোয়েন্দা কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, মস্কোর সহায়তা কেবল সাধারণ গোয়েন্দা তথ্য বিনিময়ে সীমাবদ্ধ নেই। বরং এখন এটি ড্রোন লক্ষ্য নির্ধারণ ও আক্রমণ পরিচালনার বিষয়ে আরও নির্দিষ্ট অপারেশনাল পরামর্শে পরিণত হয়েছে।
CNN-এর প্রতিবেদনে বলা হয়েছে, এসব কৌশলের মধ্যে একসঙ্গে বহু ড্রোন পাঠানোর সমন্বিত তরঙ্গ পদ্ধতি এবং শত্রুপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে উড্ডয়নের পথ পরিবর্তনের মতো কৌশল থাকতে পারে—যেগুলো রাশিয়া ইউক্রেন যুদ্ধেও একাধিকবার ব্যবহার করেছে।
এছাড়া ওই গোয়েন্দা কর্মকর্তা উপসাগরীয় অঞ্চলে ইরানের সম্ভাব্য হুমকি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। এর মধ্যে হরমুজ প্রণালী-তে মাইন স্থাপনের আশঙ্কা এবং মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে সামুদ্রিক ড্রোন বা ছোট নৌকা ব্যবহার করে হামলার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।
সূত্র: middle east eye