
অনিয়ম, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অনুদানের অর্থ আত্মসাৎ এবং সরকারি বিধিবিধান লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগে গত ১৫ বছরে ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিল করেছে এনজিওবিষয়ক ব্যুরো। একই সঙ্গে সংস্থাগুলোর যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে এসব সংস্থার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্ধারিত সময়ে নিবন্ধন নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অনুদানের অর্থ আত্মসাৎ, নিবন্ধনের শর্ত ও ব্যুরোর আইনানুগ নির্দেশনা অমান্য এবং ভুয়া বা জাল অভিপ্রায়পত্র (এলওআই) জমা দেওয়ার মতো অপরাধ প্রমাণিত হওয়ায় এসব সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হয়। পাশাপাশি তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি জানান, এনজিওবিষয়ক ব্যুরো নিজস্ব নীতিমালা ও সরকারি বিধিবিধান অনুযায়ী নতুন এনজিওর নিবন্ধন, নিবন্ধনের মেয়াদ শেষ হলে নবায়ন, বৈদেশিক অনুদানপুষ্ট প্রকল্প অনুমোদন, অর্থ ছাড় এবং প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকির দায়িত্ব পালন করে।
দেশের আর্থসামাজিক উন্নয়নে এনজিওগুলোর ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ১৯৯০ সালে প্রতিষ্ঠার পর থেকে এনজিওবিষয়ক ব্যুরো প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থেকে বিদেশি অনুদানপুষ্ট বেসরকারি সংস্থাগুলোর স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম সমন্বয় করে আসছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকারের লক্ষ্য, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে এনজিওগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বিশেষ করে তৃণমূল পর্যায়ে দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি, জনস্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত শিক্ষার প্রসার, নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, নারী নির্যাতন প্রতিরোধ এবং নিরাপদ পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে সংস্থাগুলো ভূমিকা রাখছে।
তবে বেআইনি কর্মকাণ্ডে জড়িত এনজিওগুলোর বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও স্পষ্ট করেন স্বরাষ্ট্রমন্ত্রী।