
সাবেক প্রধানমন্ত্রী ও পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের জন্য আবেদন করার খবরের সত্যতা এবং এর আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার বিষয়টি তিনিও শুনেছেন এবং স্ক্রল নিউজে দেখেছেন। তবে এ খবরের সত্যতা এখনো যাচাই করতে পারেননি তিনি।
তিনি বলেন, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খোঁজখবর নিচ্ছে। আবেদনটির কোনো আইনগত ভিত্তি আছে কি না, এটি যথাযথভাবে করা হয়েছে কি না এবং শেখ হাসিনার আবেদন করার অধিকার রয়েছে কি না—এসব বিষয়সহ সংশ্লিষ্ট আইন-কানুনের খুঁটিনাটি যাচাই করা হচ্ছে। সবকিছু পর্যালোচনার পর পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, তবে প্রাথমিকভাবে বলা যায়, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নেন, সেই দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠানো হয়। এর মাধ্যমে ওই আসামিকে আইন অনুসারে দেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়।
বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত শক্তি দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এ উদ্দেশ্যে তারা মাঝেমধ্যে বিভিন্ন বাস ও স্থাপনায় হামলা চালাচ্ছে। এসব ঘটনায় পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে এবং হামলা প্রতিহত করছে।