
হামে শিশুদের মৃত্যুর দায় নিজের কাঁধে নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, এটি তার ব্যর্থতা, সরকারের নয়। তবে পরিস্থিতি মোকাবিলায় তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আজ সোমবার দুপুরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
অনুষ্ঠানে এক সাংবাদিক স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্ন করেন, সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যু হয়েছে। এ দায় কার—অন্তর্বর্তী সরকারের, নাকি বর্তমান সরকারের? কাউকে না কাউকে তো এই দায় নিতে হবে।
জবাবে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘দায় তো আমার। আমাকে ফাঁসি দেন। এটা আমার ব্যর্থতা। তবে আমি চেষ্টা করেছি।’
হামের টিকা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিছু দুষ্ট লোক প্রচার করছে, এই টিকা ভারত থেকে আনা হয়েছে। কিন্তু এ তথ্য সত্য নয়। মোট টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আনা হয়েছে। বাকি টিকা এসেছে জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে।
তিনি বলেন, স্বল্প মূল্যে এসব টিকা সংগ্রহ করা হয়েছে।
অনেকেই তাঁদের শিশুদের হামের টিকা দেননি বা দিচ্ছেন না বলে অভিযোগ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে যারা হামে আক্রান্ত হচ্ছে, তাদের প্রায় কারও টিকা নেওয়া ছিল না। আক্রান্ত শিশুদের বড় একটি অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে ভর্তি থাকা হামের রোগীদের প্রায় কারও টিকা নেওয়া নেই বলেও তাকে জানানো হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক।