
‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি’ বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, একটি দলকে বিদায় করে অন্য একটি দলকে ক্ষমতার মসনদে বসানোর জন্য মানুষ রক্ত দেয়নি। জনগণ ব্যাপক পরিবর্তন চেয়েছিল। বিশেষ করে যুবসমাজ এই পরিবর্তন চেয়েছিল, যাদের কাছে জাতি ঋণী, বিশেষভাবে ঋণী। তাদের বুকের উষ্ণতা ও ভালোবাসা দিয়ে সম্মান করেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘আমাদের দলীয় কোনো দাবি নেই। আমাদের সাত দফার প্রতিটি দাবিই জনগণের দাবি। ৭০ ভাগ জনগণ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েছে। নির্বাচনের আগে তারাও বলেছে, আমরাও বলেছি- ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে আমরা তার পুরোটাই বাস্তবায়ন করব।’
জুলাই সনদের বিভিন্ন জায়গায় বিএনপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নমত (ডিসেন্ট) দিয়েছে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনার জন্য যেসব ধারা থাকা প্রয়োজন, বিএনপি সেগুলো রাখতে চায়। আর যেসব ধারা থাকলে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালানো সম্ভব হবে না, সেসব জায়গায় তারা ভিন্নমত দিয়েছে।
আজকের বাংলাদেশ ভালো নেই উল্লেখ করে জামায়াত আমির বলেন, কার কারণে দেশের এই অবস্থা, তা সবার সামনে পরিষ্কার। একদিকে বর্তমান সরকার- সাড়ে ১৫ বছর তারাও অন্য সবার মতো মজলুম ছিল। কিন্তু ৫ তারিখের পর থেকেই তারা সবকিছু ভুলে গেছে।
তিনি আরও বলেন, ৬ আগস্টের পর থেকে তারা আওয়ামী লীগের কায়দায় এ দেশের মানুষের ওপর জুলুম শুরু করেছে। ব্যাপক চাঁদাবাজি, দখল-বাণিজ্য, দুর্নীতি, কমিশন বসানো এবং রাজনৈতিক কূটকৌশলের মাধ্যমে তারা জাতিকে কষ্ট দিয়ে যাচ্ছে। ৫ তারিখের পর থেকে জাতির সঙ্গে তাদের আচরণ ইতিহাসের পাতায় পাতায় অত্যন্ত বেদনাদায়ক হয়ে থাকবে।
সংসদ অধিবেশনের শেষ দিন অর্থাৎ ১৮ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত চা-চক্রের প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, ‘পরিষ্কার বলেছি, আপনি জাতীয় ঐক্যের কথা বলছেন, আমরা তো জাতীয় ঐক্যের পক্ষেই আছি। জাতীয় ঐক্যের জায়গাটা আপনারাই নষ্ট করেছেন। আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, গণভোটের গণরায় বাস্তবায়ন করবেন না—এই দুই জায়গা ছাড়া কখনও এ দেশে জাতীয় ঐক্য হবে না।’