
কক্সবাজারের ইনানীতে নলকূপ খননের সময় বের হওয়া গ্যাসের বিস্ফোরণে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বাপেক্স) সাত সদস্য আহত হয়েছেন। কূপের আগুন নেভানোর পর সেখানে সার্ভের কাজ চলার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে আগুনের কুণ্ডলী বেরিয়ে আসে।
রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বাপেক্সের ডিজিএম ড. আব্দুস ছালাম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্প্রতি কূপটির আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখানে সার্ভের কাজ চলছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুনের কুণ্ডলী বেরিয়ে আসে।
আহতদের মধ্যে রয়েছেন বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও রিগ মেকানিক মোহাম্মদ জনিসহ আরও চারজন। আহত সাতজনের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে, টানা এক মাস পর ইনানীর ওই গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর সেখানে সার্ভের কাজ শুরু হয়েছিল।
গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় গ্যাস উদ্গিরণ শুরু হয়। একপর্যায়ে বৈদ্যুতিক তার থেকে আগুন ধরে যায়।