
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনায় তথ্য ও ভিডিও চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (৭ আগস্ট) তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ মোস্তফা হাসান সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রধান অতিথি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বিশেষ অতিথি এবং জুলাই শহীদ একরামুল হক সাজিদের মা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা চলাকালে কেন্দ্রীয় অডিটোরিয়ামের বাইরে কয়েকজন শিক্ষার্থীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ‘মারাত্মকভাবে ক্ষুণ্ন’ হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ঘটনাটি তদন্ত করে এর সঙ্গে জড়িতদের বিষয়ে ব্যবস্থা গ্রহণের সুপারিশ দেওয়ার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ ঘটনায় কারও কাছে কোনো তথ্য বা ভিডিও ক্লিপ থাকলে তা তদন্ত কমিটির কাছে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। তথ্য বা ভিডিও পাঠানোর সময় তথ্য প্রদানকারীর পরিচয় উল্লেখ করতে হবে। তবে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তথ্য ও ভিডিও পাঠানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্ধারিত ই-মেইল হলো [email protected]।
উল্লেখ্য তথ্য ও ভিডিও পাঠানোর শেষ তারিখ আগামী ১১ আগস্ট ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।