
চীনের উত্তরাঞ্চলে অবস্থিত একটি জীবপ্রযুক্তি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এতে অন্তত আটজন নিহত হয়েছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এই তথ্য নিশ্চিত করেছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সংঘটিত বিস্ফোরণ সম্পর্কে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, বিস্ফোরণটি শানসি প্রদেশের জিয়াপেং বায়োটেক কোম্পানিতে ঘটে। বেইজিং থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে শানইন কাউন্টিতে অবস্থিত এই কোম্পানিটি।
সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, বিস্ফোরণের পর উদ্ধার ও অনুসন্ধান অভিযান এখনও চলমান রয়েছে। বিস্ফোরণের সঠিক কারণ এখনও নির্ধারিত হয়নি এবং তদন্ত চলছে।
চীনে দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, অপর্যাপ্ত প্রশিক্ষণ এবং কঠোর তদারকির অভাবে শিল্প দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা। এর আগেও, গত জানুয়ারির শেষ দিকে পার্শ্ববর্তী প্রদেশ ইনার মঙ্গোলিয়ার একটি ইস্পাত কারখানায় বিস্ফোরণে কমপক্ষে নয়জন নিহত হয়েছিল।