
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী পদত্যাগ করেছেন। শনিবার দুপুরে রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।
জোনায়েদ সাকী বলেন, তিনি দল থেকে পদত্যাগ করছেন না; বরং দলের সাংগঠনিক ধারাবাহিকতা রক্ষার জন্য প্রধান সমন্বয়কারীর দায়িত্ব ছেড়েছেন। তিনি আগের মতোই দলের রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবে সক্রিয় থাকবেন।
তিনি গত বছরের ৩ নভেম্বর দলের পঞ্চম জাতীয় সম্মেলনে পুনরায় নির্বাচিত হয়েছিলেন। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি প্রথমে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর, বর্তমানে পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
জোনায়েদ সাকীর স্থলাভিষিক্ত হিসেবে ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দেওয়ান আবদুর রশিদ নীলু। সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যান্য শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।