
দীর্ঘ বিরতির পর আবারও বৈঠকে বসছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।
শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ সভা।
দলীয় সূত্র অনুযায়ী, বিএনপি সরকার গঠনের পর এটিই স্থায়ী কমিটির প্রথম বৈঠক। সভায় সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এর আগে সর্বশেষ গত ৯ জানুয়ারি, জাতীয় নির্বাচনের আগে এই কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। দীর্ঘদিন পর এই বৈঠক আহ্বান প্রসঙ্গে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেন, “বেশ কিছুদিন যাবৎ স্থায়ী কমিটির বৈঠক হচ্ছে না। আজ দলের চেয়ারম্যান তারেক রহমান বৈঠক ডেকেছেন। সাধারণত এজেন্ডা আগে থেকে জানানো হয় না, বৈঠকেই বিস্তারিত আলোচনা হবে।”
দলীয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে। সম্ভাব্য আলোচ্যসূচির মধ্যে রয়েছে সংবিধান সংস্কার পরিষদ গঠন, জুলাই জাতীয় সনদ ইস্যু, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব এবং দেশে সাম্প্রতিক হাম প্রাদুর্ভাব। এছাড়া সংরক্ষিত নারী আসন এবং দলের অভ্যন্তরীণ সাংগঠনিক বিষয় নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।