
কর্নার কিক থেকে ভেসে আসা বলে হেড—ফুটবলের অন্যতম পরিচিত এই দৃশ্য আর দেখা যাবে না ইতালির সিরি ‘আ’ ক্লাব কোমোর অনূর্ধ্ব–১১ একাডেমি দলে। খেলোয়াড়দের নিরাপত্তা ও কারিগরি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ছোটদের জন্য হেডিং নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।
নতুন নীতিমালার আওতায় ১১ বছরের কম বয়সী ফুটবলাররা আর ম্যাচ বা টুর্নামেন্টে হেড করতে পারবে না। এ কারণে কর্নার কিক থেকেও আর বল বক্সে ভাসিয়ে দেওয়া হবে না। পরিবর্তে কর্নারের জায়গায় মাটিতে থ্রো-ইনের মাধ্যমে খেলা পুনরায় শুরু হবে।
ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, অল্প বয়সী খেলোয়াড়দের ক্ষেত্রে হেডিংয়ের পরিবর্তে বলের নিয়ন্ত্রণ, সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা এবং টেকনিক্যাল দক্ষতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে। শারীরিকভাবে প্রস্তুত হওয়ার পর ধাপে ধাপে তাদের হেডিং শেখানো হবে।
সে লক্ষ্যেই অনূর্ধ্ব–১২ পর্যায়ে সীমিত পরিসরে হেডিং অনুশীলনের সুযোগ রাখা হয়েছে। মৌসুমের শেষ দিকে হালকা রাবারের বল ব্যবহার করে এ প্রশিক্ষণ শুরু হবে। তবে মাসে একবারের বেশি এমন অনুশীলন করা যাবে না এবং প্রতিটি সেশনে সর্বোচ্চ পাঁচবার হেড করার অনুমতি থাকবে।
শুধু খুদে ফুটবলার নয়, একাডেমির বড় বয়সী খেলোয়াড়দের ক্ষেত্রেও হেডিং অনুশীলনে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। কোচদের অপ্রয়োজনীয় ও অতিরিক্ত হেডিং অনুশীলন কমিয়ে আনতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অতিরিক্ত বাতাস ভরা শক্ত বল ব্যবহার না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১৯০৭ সালে প্রতিষ্ঠিত কোমো এক বিবৃতিতে জানায়, নতুন নির্দেশিকার মূল উদ্দেশ্য হলো এড়িয়ে যাওয়া সম্ভব এমন মাথার আঘাত কমানো, খেলোয়াড়দের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদে তাদের কারিগরি দক্ষতার বিকাশ ঘটানো।
বিবৃতিতে বলা হয়, ‘এ পরিবর্তনের মূল ভাবনা খুবই সহজ। প্রথমে তরুণ খেলোয়াড়দের সুরক্ষা দেওয়া, তারপর তারা প্রস্তুত হলে নিয়ন্ত্রিত উপায়ে এই কৌশল শেখানো। ছোট বয়সে মনোযোগ থাকবে বলের সঙ্গে বেশি সময় কাটানো, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ানো, কার্যকর খেলার সময় বৃদ্ধি এবং ধাপে ধাপে আত্মবিশ্বাস ও টেকনিক গড়ে তোলার ওপর।’
এই উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কোমোর বোর্ড অব এডুকেশনের সদস্য এবং সাবেক ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানে। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা দীর্ঘদিন ধরেই ফুটবলে মাথায় আঘাতজনিত ঝুঁকি নিয়ে সচেতনতা তৈরির পক্ষে কথা বলে আসছেন।
ভারানে বলেন, ‘ফুটবলে মাথায় আঘাতের বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া এবং আমাদের শিশুদের সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা আমি আগেও বলেছি। ছোট খেলোয়াড়দের জন্য সবচেয়ে ভালো পথ হলো স্পষ্ট নিয়ম, ভালো কোচিং এবং এমন একটি পরিবেশ, যেখানে সবার আগে গুরুত্ব পাবে স্বাস্থ্য ও নিরাপত্তা।’
তিনি আরও বলেন, ‘এ পদ্ধতিতে সবচেয়ে কম বয়সে অপ্রয়োজনীয় মাথার সংস্পর্শ কমানো হবে, যখন মস্তিষ্ক এখনো বিকাশমান। এরপর সঠিক নিয়ন্ত্রণের মাধ্যমে ধাপে ধাপে হেডিংয়ের কৌশল শেখানো হবে।’