
২০২৬ বিশ্বকাপের হতাশা কাটিয়ে ক্লাব ফুটবলে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিলেন নেইমার। সান্তোসের জার্সিতে জোড়া গোল করে দলকে হার থেকে বাঁচালেও ম্যাচ শেষে তার জন্য আসে বড় ধাক্কা। হলুদ কার্ড দেখায় পরবর্তী লিগ ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলিয়ান এই তারকা।
ব্রাজিলিয়ান সিরি ‘আ’-তে চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচে সান্তোসের হয়ে দুটি গোলই করেন নেইমার। প্রথমার্ধে খুব বেশি প্রভাব বিস্তার করতে না পারলেও বিরতির আগমুহূর্তে সতীর্থ আলভারো বাররিয়ালের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর গোল করে দলকে এগিয়ে দেন তিনি।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে টানা দুটি গোল করে এগিয়ে যায় চ্যাপেকোয়েন্স। ম্যাচের শেষদিকে সমতায় ফেরার মরিয়া চেষ্টায় ৮৯তম মিনিটে পেনাল্টি পায় সান্তোস। ডি-বক্সের ভেতরে ক্যাবায়েরোকে ফাউল করলে স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন নেইমার। তাতে ২-২ সমতায় ম্যাচ শেষ করে তার দল।
তবে ম্যাচজুড়েই রেফারির কয়েকটি সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন নেইমার। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ব্রুনো তুবারার সঙ্গে ফাউলকে কেন্দ্র করে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি।
এই হলুদ কার্ডের কারণেই পরবর্তী লিগ ম্যাচে মাঠে নামতে পারবেন না নেইমার। ব্রাজিলিয়ান লিগের নিয়ম অনুযায়ী, প্রতি তিনটি হলুদ কার্ডের পর এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হয়।
চলতি মৌসুমে এটি নেইমারের ষষ্ঠ হলুদ কার্ড। এর আগে একই কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করেছিলেন তিনি। টানা তিন ম্যাচে হলুদ কার্ড দেখায় আবারও এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
ফলে লিগে সান্তোসের পরবর্তী ম্যাচে সাও পাওলোর বিপক্ষে দলের হয়ে খেলতে পারবেন না নেইমার।