
দীর্ঘদিনের নীরবতা ভেঙে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার দাবি, ক্রিকেটীয় নয়, পুরো বিষয়টি ছিল রাজনৈতিক সিদ্ধান্ত।
বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছেন মেহেদী হাসান মিরাজ। সেখানে রেভস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'এটা ছিল পলিটিক্যাল ইস্যু। সবাই জানে বিষয়টি। আমরা সবাই খেলতে প্রস্তুত ছিলাম। ভারতে গিয়ে খেলতেও আমাদের কোনো আপত্তি ছিল না।'
বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া হওয়ায় আক্ষেপও প্রকাশ করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তিনি বলেন, 'প্রতিটি ক্রিকেটারেরই স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলার। অনেকেই ছিলেন, যারা প্রথমবার সুযোগ পেয়েছিলেন। তাদের সেই সুযোগ নষ্ট হলো। বিষয়গুলো নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না। এটা পুরোপুরি রাজনৈতিক ব্যাপার ছিল।'
ভারতের সঙ্গে তৎকালীন সরকারের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের সময় শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপেই অংশ নেয়নি বাংলাদেশ, একই সময়ে নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ খেলতেও বাংলাদেশ সফরে আসেনি ভারতীয় দল। তবে বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পর দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন।
এ বছরই ভারতের বাংলাদেশ সফরের কথা রয়েছে। সেই সিরিজ নিয়ে আশাবাদ ব্যক্ত করে মিরাজ বলেন, 'আমরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি ভারতের বিপক্ষে সিরিজের জন্য। এটা আমাদের জন্য দারুণ একটা মূহূর্ত। লম্বা সময় আমরা ভারতের বিপক্ষে খেলি না। আমরা চিন্তা করছি কিভাবে, আমাদের কন্ডিশনে ভালো ক্রিকেট খেলতে পারি। আমরা সিরিজটি খেলতে মুখিয়ে আছি।'
সামনের বিশ্বকাপকে সামনে রেখে ঘরের মাঠে আরও ভালো ক্রিকেট খেলতে চান বলেও জানান তিনি। মিরাজ বলেন, 'সামনে বিশ্বকাপ রয়েছে। সব ক্রিকেটারই চায় সেখানে ভালো খেলতে। তাই ঘরের মাটিতে আমাদের উন্নতি আনতে হবে। বেশ কয়েকটি সিরিজ আমরা জিতেছি। একই সঙ্গে আমরা পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।'
এ সময় বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবালের নেতৃত্বেরও প্রশংসা করেন টাইগার অধিনায়ক। তার ভাষায়, 'তামিম ইকবাল লম্বা সময় ক্রিকেট খেলেছেন। তিনি জানেন কিভাবে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে হবে। নতুন একটি কাঠামো দাঁড় করাচ্ছেন নতুন সভাপতি। যার সুফল দেশের ক্রিকেট পাবে বলে আশা করি।'