
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ঘিরে এবার দেশটির রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট। পোস্টটি মুছে ফেলার জন্য চাপ দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করেছেন ওড়িশার বিজেপি সংসদ সদস্য অপরাজিতা সারঙ্গীর মেয়ে অর্চিতা সচিন রাহা। এ ঘটনাকে ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
রোববার (২৬ জুলাই) ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর অর্চিতা সচিন রাহা ইনস্টাগ্রামে জাতীয় পতাকার পটভূমিতে তার একটি ছবি দিয়ে পদত্যাগের বিষয়টি উল্লেখ করে একটি পোস্ট করেন। পরে দলীয় সূত্রের বরাতে জানা যায়, ওই পোস্ট সরিয়ে ফেলার জন্য মন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে সংসদ সদস্য অপরাজিতা সারঙ্গীর সঙ্গে যোগাযোগ করা হয়। কারণ, পোস্টটি দলের অভ্যন্তরে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছিল।
তবে পোস্টটি মুছে ফেলতে অস্বীকৃতি জানান অর্চিতা। বরং তিনি আরেকটি পোস্টে স্পষ্ট করে জানান, কোনো চাপের মুখেই তিনি আগের পোস্ট সরাবেন না। তার এই অবস্থানকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনার পর বিজেপির বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যেও প্রতিক্রিয়া দেখা দেয়। তাদের অনেকে মনে করেন, একটি শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক দলে জ্যেষ্ঠ নেতাকে ঘিরে এমন প্রকাশ্য অবস্থান এবং দলীয় অনুরোধ উপেক্ষা করা সমীচীন নয়। একই সঙ্গে জনপ্রতিনিধিদের পরিবারের সদস্যদের রাজনৈতিক সংবেদনশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।
পরিস্থিতি শান্ত করতে পরে সংসদ সদস্য অপরাজিতা সারঙ্গী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়ে ধর্মেন্দ্র প্রধানের নৈতিক সাহসের প্রশংসা করেন এবং এই সময়ে তার প্রতি সমর্থনের কথা জানান।
তবে মেয়ের পোস্ট ঘিরে সৃষ্ট বিতর্ক এখনও পুরোপুরি থামেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় নির্দেশ উপেক্ষা করে পোস্ট মুছে না ফেলার ঘটনাটি বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস