
প্রবল বর্ষণে উত্তর-পূর্বাঞ্চলের কৃষি ক্ষতির প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা কর্মসূচি ঘোষণা করেছে সরকার। টানা তিন মাস ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৯ এপ্রিল) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ সিদ্ধান্তের কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় প্রশাসনকে সতর্কতা ও প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি জানান, যেসব কৃষকের ফসল নষ্ট হয়েছে, তাদের শনাক্ত করে আগামী তিন মাস প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগেই দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে করণীয় নির্ধারণে আলোচনা করেছেন তিনি।
সরকারপ্রধানের ভাষ্য অনুযায়ী, কোনো ক্ষতিগ্রস্ত কৃষক যেন সহায়তা থেকে বাদ না পড়েন, সে বিষয়টি কঠোরভাবে তদারকি করা হচ্ছে। বিশেষ করে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করা হবে।
ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সেই তালিকার ভিত্তিতেই আগামী তিন মাস ধারাবাহিকভাবে সহায়তা প্রদান নিশ্চিত করা হবে।