
দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে বড় অঙ্কের সহায়তা পেল বাংলাদেশ। এ লক্ষ্যে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
শুক্রবার (২৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে সংস্থাটি জানায়, ‘সেকেন্ড স্ট্রেংথেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম’-এর সাবপ্রোগ্রাম-২-এর আওতায় এই অর্থায়ন করা হবে। এর মাধ্যমে সামাজিক সুরক্ষা ব্যবস্থার দক্ষতা, পরিধি ও কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি দারিদ্র্য ও ঝুঁকিপূর্ণতা কমাতে উদ্যোগ নেওয়া হবে।
বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, এই কর্মসূচি দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল কাঠামোয় উন্নীত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষ করে নারীদের মতো ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা বাড়ানো এবং অবদানভিত্তিক স্কিম চালুর মাধ্যমে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার হবে।
এই কর্মসূচির অধীনে নতুন অবদানভিত্তিক সামাজিক সুরক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে, যা ভবিষ্যতে সরকারের রাজস্বের ওপর চাপ কমাতে সহায়ক হবে। পাশাপাশি বিধবা ভাতা কর্মসূচির আওতা বাড়িয়ে আরও অন্তত ২ লাখ ৫০ হাজার নারীকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া জলবায়ু সহনশীল কর্মসংস্থানভিত্তিক সামাজিক সুরক্ষা জোরদার করা হবে। বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের মাধ্যমে নারী উদ্যোক্তাদের আর্থিক সেবায় প্রবেশাধিকার কমপক্ষে ১৫ শতাংশ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এসব পদক্ষেপ ক্ষুদ্র পর্যায়ে উৎপাদনশীলতা বাড়ানো, নারীর কর্মসংস্থান বৃদ্ধি এবং দারিদ্র্য হ্রাসে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।