
বাংলাদেশের ব্যাংক খাতের বড় একটি অংশ এখন দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে। লন্ডনভিত্তিক বিখ্যাত সাময়িকী দ্য ইকোনমিস্টের সাম্প্রতিক এক প্রতিবেদনে দেশের ব্যাংকিং খাতের এমন সংকটের চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ব্যাংক খাতের এই পরিস্থিতির অন্যতম কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনামলে ব্যাংকগুলো থেকে অর্থ লুটপাট। ২০২৪ সালে আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার আগে টানা ১৫ বছর দেশ শাসন করেন তিনি। ওই সময়ে দুর্নীতির কারণে ব্যাংকগুলোতে বিপুল পরিমাণ খেলাপি ঋণ জমা হয়েছে, যার বড় একটি অংশ আর কখনোই আদায় করা সম্ভব হবে না।
প্রভাবশালীদের লুটপাটে বিপর্যস্ত ব্যাংকিং খাত
ব্যাংক পরিচালনা এবং এসব প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া—দুই ক্ষেত্রেই প্রভাবশালী অলিগার্কদের সংশ্লিষ্টতা ছিল। তাঁদের কেউ কারাগারে গেছেন, আবার কেউ দেশ ছেড়ে পালিয়েছেন। এর ফলে বর্তমানে দেশের ব্যাংকিং খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি ঋণে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে পুরো ব্যাংকিং খাত কার্যত দেউলিয়া অবস্থায় রয়েছে।
সংকটের প্রভাব সামগ্রিক অর্থনীতিতে
ব্যাংক খাতের এই সংকট এখন আর শুধু আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। এর প্রভাব পড়ছে আমানতকারীদের আস্থা, বেসরকারি বিনিয়োগ এবং সামগ্রিক অর্থনীতিতে।
প্রতিবেদনের বিশ্লেষণে বলা হয়েছে, ব্যাংকিং খাতের ক্ষতি কাটিয়ে উঠতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে। তবে এই সংকট মোকাবিলায় প্রয়োজনীয় অর্থ জোগানোর মতো সরকারের আর্থিক সক্ষমতা সীমিত।