
উসাইন বোল্টের ২০০৯ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে করা ১৯.১৯ সেকেন্ডের বিশ্ব রেকর্ড এখনো অক্ষত। তবে বয়সভিত্তিক পারফরম্যান্সে বোল্টকে পেছনে ফেলে নতুন করে আলোচনায় এসেছেন অস্ট্রেলিয়ার তরুণ স্প্রিন্টার গাউট গাউট।
অস্ট্রেলিয়ার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার দৌড়ে গাউট সময় নিয়েছেন মাত্র ১৯.৬৭ সেকেন্ড। এই টাইমিংয়ের মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ার নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। একই সঙ্গে অনূর্ধ্ব-২০ বিভাগে এটি ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সময়। একই বয়সে বোল্টের সেরা সময় ছিল ১৯.৯৩ সেকেন্ড। সেই হিসাবে গাউট বেশ এগিয়ে রয়েছেন।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস জানিয়েছে, গাউটের ১৯.৬৭ সেকেন্ডের টাইমিং অস্ট্রেলিয়ার জাতীয় রেকর্ডের পাশাপাশি অনূর্ধ্ব-২০ বয়সীদের মধ্যে দ্বিতীয় দ্রুততম। ২০ বছর বা তার কম বয়সীদের মধ্যে ২০০ মিটারে সবচেয়ে দ্রুত সময়ের রেকর্ড যুক্তরাষ্ট্রের এরিয়ন নাইটনের। ২০২২ সালে তিনি ১৯.৪৯ সেকেন্ড সময় নিয়ে এই রেকর্ড গড়েন।
কুইন্সল্যান্ডে জন্ম নেওয়া দক্ষিণ সুদানি বংশোদ্ভূত গাউট এর আগেও ১৯.৮৪ সেকেন্ডে ২০০ মিটার দৌড়েছিলেন। তবে সেই দৌড়ে বাতাসের সহায়তা নির্ধারিত সীমার বেশি থাকায় টাইমিংটি বৈধ হিসেবে গণ্য হয়নি। এবার সম্পূর্ণ বৈধ দৌড়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পেরে দারুণ উচ্ছ্বসিত এই তরুণ অ্যাথলেট।
গাউট বলেন, ‘এ রকম টাইমিং করার মতো গতি ও শারীরিক সক্ষমতা আমার আছে—এটি জানতে পেরে আমার কাঁধ থেকে যেন বড় একটি বোঝা নেমে গেল। তাই এটি অবশ্যই দুর্দান্ত এক অনুভূতি, আমি আরও ভালো কিছুর জন্য প্রস্তুত।’
গাউটের পারফরম্যান্সে তার কোচ ডি শেফার্ডও বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমি এতটা আশা করিনি। আমি আশা করেছিলেন ২০ সেকেন্ডের নিচে হবে। কিন্তু এতটা কম সময়ে হবে, ভাবতে পারিনি।’
একই প্রতিযোগিতায় দ্বিতীয় হওয়া অ্যাইডেন মারফিও ২০ সেকেন্ডের নিচে দৌড়ে নজর কেড়েছেন। তিনি ১৯.৮৮ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন, যা অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সময়।