
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। রোববার (৯ আগস্ট) রাতে রাজ্যটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নতুন করে আরও দুইজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
২৫ জেলায় প্রায় ১১ লাখ মানুষ পানিবন্দি
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, রাজ্যের ২৫টি জেলায় প্রায় ১১ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যজুড়ে দুই হাজারের বেশি ত্রাণ বিতরণ কেন্দ্র চালু করা হয়েছে। পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমও জোরদারভাবে অব্যাহত রয়েছে।
ক্ষয়ক্ষতি নিরূপণে বাড়ি বাড়ি সমীক্ষা
রোববার থেকে আসাম সরকার বন্যাকবলিত জেলাগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা শুরু করেছে।
হিমন্ত বিশ্ব শর্মা আরও জানিয়েছেন, 'আগামী ৩১ আগস্টের মধ্যে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, গবাদিপশুসহ যাবতীয় ক্ষয়ক্ষতির নথি তৈরি করা হবে। পুনর্বাসনের পাওনা সুযোগ-সুবিধা পাওয়া থেকে কোনো পরিবারই বাদ পড়বে না।'
সূত্র: আনাদোলু এজেন্সি