
আমেরিকার যেকোনো ধরনের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে কঠোরতম হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার দাঁতভাঙা ও ভয়াবহ জবাব দিতে প্রস্তুত রয়েছে তারা।
গত মঙ্গলবার (৯ জুন) মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইরানের ওপর নতুন করে পাল্টা বিমান হামলা চালায় ওয়াশিংটন। এই হামলার প্রতিক্রিয়াই এমন কড়া হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর বরাতে জানা যায়, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া একটি বার্তায় আরাঘচি মার্কিন প্রশাসনকে সতর্ক করে বলেন, ‘যুদ্ধক্ষেত্রে পরাজয়ের পরও যুক্তরাষ্ট্র আমাদের দৃঢ়তা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী কোনো হামলা বা হুমকিকেই জবাবহীন রাখবে না।’
যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়ার চূড়ান্ত তাগিদ দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে চলে যান।’
এদিকে সিএনএন-এর প্রতিবেদনে দুটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে, ওয়াশিংটনের প্রাথমিক সামরিক পদক্ষেপগুলো মূলত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় চালানো হয়েছে। সেখানে থাকা ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার স্টেশনগুলোকে লক্ষ্যবস্তু বানায় মার্কিন বাহিনী।
দীর্ঘদিন ধরে চলা ওয়াশিংটন-তেহরান চরম উত্তেজনার মাঝে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এমন কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতিকে আরও বেশি জটিল ও সংকটের দিকে ঠেলে দিতে পারে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।