
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের (সম্মান) ইংরেজি বিভাগে প্রতারণামূলকভাবে ভর্তি হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তদন্ত কমিটির নির্ধারিত মেয়াদ শেষ হলেও এখনো প্রতিবেদন জমা দেওয়া হয়নি।
জানা গেছে, গত ২৭ জুলাই ভর্তি-সংক্রান্ত ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে শামীমা আক্তারের ভর্তি-সংক্রান্ত সার্বিক তথ্য পর্যালোচনা করে ঘটনায় দায়ী ব্যক্তিদের শনাক্ত করে প্রতিবেদন দিতে সাত কর্মদিবস সময় বেঁধে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। তবে নির্ধারিত সময়ের পর আরও দুই কর্মদিবস পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিতে পারেনি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে নানা শঙ্কা তৈরি হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইবির আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহা. তোজাম্মেল হোসেনকে। সদস্য সচিব হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. বদিউজ্জামান। কমিটির সদস্য হিসেবে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও ইবির আইন উপদেষ্টা ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইবির ইংরেজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ২৪১০১০৪ রোলধারী শিক্ষার্থী শামিমা আক্তার জালিয়াতির মাধ্যমে ভর্তি হয়ে নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশ নেন। পরে ফলাফল তৈরির সময় বিশ্ববিদ্যালয়ের দেওয়া সফটওয়্যারে তার রোল নম্বর খুঁজে পাওয়া যায়নি। এরপর বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে সংশ্লিষ্ট পরীক্ষা কমিটি জালিয়াতির ঘটনা সম্পর্কে জানতে পারে।
এ ঘটনায় গত ১১ জুলাই পরীক্ষা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে বিষয়টি বিভাগীয় সভাপতিকে জানানো হলে একই দিন জরুরি সভা ডাকা হয়। ওই সভায় বিষয়টি উত্থাপন করেন বিভাগের সভাপতি। জরুরি সভায় অভিযুক্ত শিক্ষার্থীর ভর্তি-সংক্রান্ত কোনো নথি বিভাগীয় ও একাডেমিক শাখায় পাওয়া যায়নি বলে জানানো হয়। এ কারণে তার পরীক্ষা বাতিলের সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বিভাগের সংশ্লিষ্ট স্টাফদের আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।
তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেন বলেন, ‘আমি একসপ্তাহ অতিরিক্ত সময় আগেই চেয়ে নিয়েছি। এতো ব্যস্ততার মধ্যে ওই সাতদিনে তদন্ত শেষ করা কোনোভাবেই সম্ভব ছিলনা। আমরা প্রায় কাছাকাছি শেষ করে ফেলেছি। আগামী সপ্তাহেই প্রতিবেদন জমা দিবো।’