
‘পুষ্পা টু: দ্য রুল’-এর প্রিমিয়ার প্রদর্শনীতে পদদলিত হয়ে এক নারী নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় নতুন মোড় এসেছে। দীর্ঘদিন ধরে আলোচিত এই ঘটনায় এবার আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ পেয়েছেন দক্ষিণী চলচ্চিত্র তারকা আল্লু অর্জুন। প্রায় দুই বছর ধরে চলমান মামলাটি এখন বিচারিক পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পায় বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা টু: দ্য রুল’। মুক্তির একদিন আগে, ৪ ডিসেম্বর, হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ছবিটির বিশেষ প্রিমিয়ার শোর আয়োজন করা হয়েছিল।
সেই অনুষ্ঠানে প্রিয় অভিনেতাকে দেখতে বিপুলসংখ্যক ভক্ত জড়ো হন। অতিরিক্ত ভিড়ের মধ্যে রেবতী নামের এক নারী পদদলিত হয়ে প্রাণ হারান। একই ঘটনায় তার ৯ বছর বয়সী ছেলে তেজ গুরুতর আহত হয়।
ঘটনার পর দায়ের করা মামলায় আল্লু অর্জুন, তার ব্যক্তিগত ব্যবস্থাপক, কয়েকজন স্টাফ, আটজন বাউন্সার এবং প্রেক্ষাগৃহের মালিকসহ মোট ২০ জনকে অভিযুক্ত করা হয়। মামলার ধারাবাহিকতায় ২০২৪ সালের ১৩ ডিসেম্বর আল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়েছিল। পরে এক রাত পুলিশ হেফাজতে থাকার পর তেলেঙ্গানা হাই কোর্ট তাকে জামিন প্রদান করেন।
সম্প্রতি হায়দরাবাদের একটি আদালতে এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। তদন্তে দাবি করা হয়েছে, আল্লু অর্জুনের উপস্থিতির বিষয়টি আগেই জানা থাকলেও দর্শকদের নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছিল সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ।
পুলিশের দাখিল করা চার্জশিটের ভিত্তিতে আদালত আল্লু অর্জুনসহ মামলার ২০ অভিযুক্তকে আগামী সোমবার (২২ জুন) জরুরি ভিত্তিতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ওই দিন থেকেই বহুল আলোচিত এ মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হবে।