
ভারতের দিল্লির একটি হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আফগানিস্তান ক্রিকেটের উত্থানের অন্যতম পরিচিত পেসার শাপুর জাদরান। ৩৮ বছর বয়সী এই বাঁহাতি গতি তারকা বিরল ও প্রাণঘাতী হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস রোগসহ একাধিক জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়া হয়। এরপর ধীরে ধীরে তার শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। রক্তে শ্বেতকণিকার পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যায় এবং আগের একটি মেরুদণ্ডের অস্ত্রোপচারের পরবর্তী জটিলতাও দেখা দেয়। পরবর্তীতে বোন ম্যারো পরীক্ষায় তার শরীরে হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস ধরা পড়ে, যা শরীরের একাধিক অঙ্গকে ক্ষতিগ্রস্ত করছে। একই সঙ্গে যক্ষ্মা ও ডেঙ্গুর সংক্রমণ তার রোগ প্রতিরোধ ক্ষমতা আরও দুর্বল করে দিয়েছে।
তার এই সংকটাপন্ন অবস্থার খবর ছড়িয়ে পড়ার পর ক্রিকেট বিশ্বে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি তার পরিবারের সঙ্গে কথা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘তুমি মাঠের একজন লড়াকু যোদ্ধা ছিলে, আমি জানি এই লড়াইয়েও তুমি জিতবে।’
এছাড়া রশিদ খান, মোহাম্মদ নবীসহ একাধিক আফগান ক্রিকেটার তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। জানা গেছে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড তার চিকিৎসার ব্যয় বহন করছে এবং রশিদ খান ভিসা প্রক্রিয়ায় সহায়তা দিয়েছেন।
২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক জয়ে শেষ দিকে উইনিং রান আসে শাপুর জাদরানের ব্যাট থেকেই। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এই পেসার আফগানিস্তানের হয়ে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ৮০টি উইকেট নিয়েছেন। ওয়ানডেতে ৪৩টি এবং টি টোয়েন্টিতে ৩৭টি উইকেট রয়েছে তার নামের পাশে।