.jpg)
সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আল নাসর। সোমবার উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে স্বাগতিক পাকতাকোরের বিপক্ষে খেলবে সৌদি ক্লাবটি। তবে ম্যাচটির জন্য ঘোষিত দলে রাখা হয়নি পর্তুগিজ এই তারকাকে।
গত সপ্তাহে সৌদি প্রো লিগের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি হ্যাটট্রিক করেন রোনালদো। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার ক্যারিয়ারে গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮৫-এ। ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করার লক্ষ্যেই এগিয়ে চলেছেন ৪১ বছর বয়সী এই ফুটবলার।
আল নাসরের কোচ অ্যাঞ্জে পোস্টেকোগলু জানিয়েছেন, টানা ম্যাচ খেলার চাপ এবং দীর্ঘ ভ্রমণের বিষয়টি বিবেচনায় নিয়ে রোনালদোকে বিশ্রাম দেওয়া হয়েছে। একই কারণে দলের আরও দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় কিংসলে কোমান ও মোহাম্মদ সিমাকানকেও এবারের ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি।
উজবেকিস্তানে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে পোস্টেকোগলু বলেন, ‘ম্যাচের চাপ এবং দীর্ঘ ভ্রমণের বিষয়টি বিবেচনা করে আমরা তাদের বিশ্রাম দিয়েছি।’
এদিকে এশিয়ার শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় প্রত্যাশিত সূচনা করতে পারেনি আল নাসর। প্রথমবারের মতো মহাদেশীয় শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে আসরে অংশ নেওয়া দলটি পশ্চিম অঞ্চলের পয়েন্ট তালিকায় বর্তমানে নবম স্থানে রয়েছে। ৩২ দলের এই প্রতিযোগিতায় সৌদি আরবের পাঁচটি প্রতিনিধির মধ্যে সবচেয়ে পিছিয়ে আছে তারা।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এই পর্বে পূর্ব ও পশ্চিম অঞ্চল থেকে ১৬টি করে দল অংশ নিচ্ছে। দুই অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষ আটটি দল পরবর্তী নকআউট পর্বে খেলার সুযোগ পাবে।
দলের অবস্থান ও সাম্প্রতিক পারফরম্যান্স প্রসঙ্গে কোচ পোস্টেকোগলু বলেন, ‘শুরুটা কঠিন হলেও প্রস্তুতির পরিবেশ এবং মৌসুমের শুরুতে পুরোপুরি প্রস্তুত না থাকার সীমাবদ্ধতা কাটিয়ে আমরা এখন ভালো অবস্থায় পৌঁছেছি।’
সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়েছে প্রতিযোগিতার সূচিতেও। গত সপ্তাহে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসল রিয়াদে যেতে অস্বীকৃতি জানায়। এর পরিপ্রেক্ষিতে তাদের বিপক্ষে আল নাসরের নির্ধারিত ম্যাচটি স্থগিত করে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
এর আগে গত ১২ অক্টোবর আল নাসরের ঘরের মাঠে আরেকটি ম্যাচ শুরুর সময়ও এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছিল। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার খবর ছড়িয়ে পড়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ম্যাচের সময় পরিবর্তন করা হয়।