.jpg)
আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরে নিয়োগ পাওয়া প্রায় ২২ হাজার পুলিশ সদস্যকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। তাঁদের মধ্যে ১৭ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই) রয়েছেন।
পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখার অভিযোগে কয়েক হাজার পুলিশ সদস্যের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত চলছে। পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এবং রিমান্ডে নেওয়ার পর পুলিশ সদস্যদের ওপর এই নজরদারি আরও জোরদার করা হয়েছে।
এর আগে, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে কথোপকথনের একটি অডিও ফাঁসের ঘটনায় ঢাকা ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলামকে প্রথমে প্রত্যাহার এবং পরে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র কামরুম মুনীরা জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠনের কারও সঙ্গে কোনো পুলিশ সদস্যের যোগাযোগের অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করা হয়। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।