
জাতীয় সংসদে কৃষকদের ‘মূর্খ’ বলে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল। তার এমন শব্দচয়নে আপত্তি জানান চিফ হুইপ মো. নূরুল ইসলাম। পরে চিফ হুইপের আপত্তির পরিপ্রেক্ষিতে সংসদীয় কার্যবিবরণী থেকে ‘মূর্খ’ শব্দটি বাদ দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে খাদ্যগুদামে অনলাইনে আবেদন করে ধান বিক্রির জটিলতা নিয়ে আলোচনার সময় এ ঘটনা ঘটে।
আলোচনায় অংশ নিয়ে মো. মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, দেশের অধিকাংশ কৃষক অশিক্ষিত, অর্ধশিক্ষিত কিংবা মূর্খ। ফলে অনলাইনে আবেদন সম্পন্ন করা এবং খাদ্যগুদামে ধান পৌঁছে দেওয়া সাধারণ কৃষকদের জন্য কঠিন হয়ে পড়ছে।
তার বক্তব্যের পরপরই সংসদ সদস্যদের ভাষা ও শব্দচয়নে সতর্ক থাকার আহ্বান জানান চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের শব্দের ব্যাপারে খেয়াল রাখতে হবে (উই হ্যাভ টু গার্ড আওয়ার ল্যাঙ্গুয়েজেস)।’
চিফ হুইপ বলেন, গ্রামের অনেক কৃষক প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি কিংবা দাপ্তরিক কাগজপত্র বুঝতে সমস্যায় পড়তে পারেন। তবে দেশের অধিকাংশ কৃষককে কোনোভাবেই ‘মূর্খ’ বলা যায় না। এ সময় তিনি সংসদীয় কার্যবিবরণী থেকে শব্দটি এক্সপাঞ্জ করার জন্য ডেপুটি স্পিকারের কাছে অনুরোধ জানান।
চিফ হুইপের বক্তব্য ও যুক্তি বিবেচনায় নিয়ে একমত পোষণ করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, উত্থাপিত প্রশ্নের সারমর্ম অত্যন্ত যুক্তিসংগত।
পরে সংসদীয় কার্যবিবরণী থেকে বিতর্কিত ‘মূর্খ’ শব্দটি আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়ার ঘোষণা দেন ডেপুটি স্পিকার।