
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অর্থ ও ভোটব্যাংক ব্যবহার করে বিএনপি নির্বাচনে জয়ী হয়েছে। নির্বাচনের আট মাস পর দল দুটির মধ্যে গোপন সমঝোতা ভেঙে গেছে। সেই সমঝোতা ভেঙে যাওয়া এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে না পেরেই বিএনপি জাতীয় ঐক্যের ডাক দিচ্ছে।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে রাজশাহীতে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে জেলা এনসিপি এ সমাবেশের আয়োজন করে।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ না মানা, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া এবং গণভোটের গণরায় বাস্তবায়ন না করার মধ্য দিয়ে বিএনপিই জাতীয় ঐক্য ভঙ্গ করেছে। এর ফলে দলটির প্রতি সাধারণ মানুষের আস্থা কমেছে।
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, ভারতসহ বিশ্বের পাঁচটি পরাশক্তি পাশে থাকলেও আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ পাবে না। দেশের মাটি থেকে দলটির রাজনীতি চিরতরে নির্মূল এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
গঙ্গার পানি বণ্টন চুক্তির প্রসঙ্গ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন করে কোনো চুক্তি হবে কি না, তা এখনো অনিশ্চিত। ভারত এ অঞ্চলের মানুষকে মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রে দেশের পতিত আওয়ামী লীগ শক্তিও যুক্ত হচ্ছে। তাই এবারের লড়াই সীমান্ত সুরক্ষিত করা এবং নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের লড়াই।
সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম কয়েকটি গণমাধ্যম ও বুদ্ধিজীবীর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, কয়েকটি গণমাধ্যম অবৈধ অস্ত্র রামদা ও চায়নিজ কুড়ালকে ‘লগি-বৈঠা’ হিসেবে উপস্থাপন করে আওয়ামী লীগকে আবার প্রাসঙ্গিক করার চেষ্টা করছে। এসব গণমাধ্যমকে চিহ্নিত করে তাদের কর্মকাণ্ডের তথ্য-প্রমাণ সংরক্ষণ করা হচ্ছে।
সারজিস আলম আরও বলেন, স্বৈরাচারের পক্ষে তথাকথিত সিনিয়র সাংবাদিক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধি পরিচয়ে যারা সম্মতি উৎপাদন করবেন এবং ভারত ও আওয়ামী লীগের পক্ষাবলম্বন করবেন, তাদের এ দেশ থেকে প্রতিহত ও উচ্ছেদ করা হবে।
এর আগে সমাবেশ শুরুর আগে নগরীর আলুপট্টি মোড়ে এনসিপির নেতাকর্মীরা জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন তারা।
মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলীর সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন মহানগর সদস্যসচিব আতিকুর রহমান। এতে বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদীসহ অন্য নেতারা।