
আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন করতে চায় বাংলাদেশ। এ বিষয়ে আলোচনার জন্য ইতোমধ্যে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোববার তিনি বলেন, বিদ্যমান চুক্তি অব্যাহত রাখা ও নবায়নের বিষয়ে বাংলাদেশের আগ্রহ রয়েছে। এ লক্ষ্যে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় সরকার।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, চুক্তির বিষয়ে বাংলাদেশ ইতোমধ্যে ভারতকে চিঠি দিয়েছে। তবে দ্বিপক্ষীয় আলোচনা শুরুর পথ তৈরি হতে পারে, এমন কোনো জবাব এখনো পাওয়া যায়নি।
তিনি আশা প্রকাশ করেন, ভারত চুক্তিটির গুরুত্ব অনুধাবন করে রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে ইতিবাচক সাড়া দেবে।
শামা ওবায়েদ বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ। বাংলাদেশের স্বার্থ এবং দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গঙ্গার পানি বণ্টন চুক্তির গুরুত্ব ভারত ভালোভাবেই জানে। বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দুই পক্ষকে আলোচনার টেবিলে নিয়ে আসা এখন সবচেয়ে জরুরি।
তিনি আরও বলেন, বাংলাদেশ আশা করছে, রাজনৈতিক ও কূটনৈতিক চ্যানেলে পাঠানো চিঠির জবাব দেবে ভারত। যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় আলোচনা শুরু করতে চায় ঢাকা।
বিদ্যমান চুক্তি নবায়ন, নাকি নতুন করে পানি বণ্টন চুক্তির উদ্যোগ নেওয়া হচ্ছে—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি শেষ পর্যন্ত দুই দেশের আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে। পারস্পরিক গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছাতে উভয় পক্ষকে নিজেদের অবস্থান তুলে ধরতে হবে।
তিনি পুনর্ব্যক্ত করেন, জাতীয় স্বার্থ সুরক্ষার পাশাপাশি গঙ্গার পানি বণ্টনে পারস্পরিক লাভজনক সমঝোতা নিশ্চিত করে ভারতের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় ভারত সফরের বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ আশা প্রকাশ করেন, উপযুক্ত সময়ে দুই দেশের নেতাদের বৈঠকে অমীমাংসিত দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
তিনি বলেন, উপযুক্ত সময়ে দুই দেশের নেতারা বৈঠকে বসবেন এবং পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান হবে।