
পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে কুষ্টিয়ার অভ্যন্তরীণ বাস চলাচল।
শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টা থেকে জেলার সব লোকাল রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
এদিন কুষ্টিয়া-মেহেরপুর ও কুষ্টিয়া-প্রাগপুর রুটে বাস চলাচল পুরোপুরি বন্ধ থাকে। পাশাপাশি কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী এবং কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ বিভিন্ন রুটে মালিক গ্রুপ ও মালিক সমিতির কোনো বাস ছেড়ে যায়নি।
তবে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে, যা কিছুটা স্বস্তি দিলেও অভ্যন্তরীণ যাত্রীদের দুর্ভোগ কমেনি।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবহন শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের এই কর্মবিরতির ঘোষণা দেয়।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক বলেন, ‘বাস-মিনিবাস মালিক গ্রুপের সঙ্গে কুষ্টিয়া-খুলনা-যশোর রুটে মোটর শ্রমিক ইউনিয়নের বাসও অন্তর্ভুক্ত।
অথচ আমাদের কোনো সুযোগ-সুবিধা দেওয়া হয় না। দুটি দাবিতে মালিক গ্রুপের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। ১৫ এপ্রিলের মধ্যে দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু দাবি না মানায় আজ (শুক্রবার) সকাল থেকে মালিক গ্রুপের বাস-মিনিবাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
আমাদের সঙ্গে একমত হয়ে মালিক সমিতির শ্রমিকেরাও বাস চলাচল বন্ধ রেখেছে। এতে কুষ্টিয়ার কোনো বাস ছেড়ে যায়নি।’
অন্যদিকে জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘এক সপ্তাহ আগে বাস-মিনিবাস শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা দুটি দাবির কথা জানান। এর একটি হলো, পরিবহন-সংশ্লিষ্ট মালিকরা যে সব সুযোগ-সুবিধা নেন, শ্রমিকদেরও একই সুযোগ-সুবিধা দিতে হবে। দ্বিতীয়ত, শ্রমিক সংগঠনের নামে একটি বাস কুষ্টিয়া থেকে খুলনা রুটে চলাচলের অনুমোদন দিতে হবে।
এসব দাবি পূরণ না করায় তারা সকাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন। তবে ঢাকাগামী বাস চলছে।’