
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় অবৈধভাবে ভারতে প্রবেশ কালে তির বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি।
সোমবার ১৬ নভেম্বর বিকাল ৩টার দিকে উপজেলার বেলছড়ির ধলিয়া ব্রিজ নামক স্থান হতে তাদের আটক করে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধীনস্থ অযোধ্যা বিওপির একটি টহলদল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরের দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশপুর জোন অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ ফজলে মুনীম।
আটককৃতরা হলেন চট্টগ্রামের হালিশহর এলাকার নন্দন কুমার দে (৩১), খাগড়াছড়ির রামগড় উপজেলার শশানটিলা এলাকার সঞ্জয় দে (৪৩) এবং মাটিরাঙ্গা উপজেলার অযোধ্যা নুরনবী পাড়ার মো. সাদ্দাম (৩৫)।
বিজ্ঞপ্তিতে বলা হয় খেদাছড়া ব্যাটালিয়ন অধীনস্থ অযোধ্যা বিওপির একটি টহলদল সীমান্তর্তী বাংলাদেশের অভ্যন্তরে ভারতে প্রবেশ কালে ধলিয়া ব্রিজ এলাকা হতে তাদের আটক করে।
এ সময় তাদের কাছ থেকে তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি চার্জার ও নগদ ২ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা জানান, নন্দন কুমার দে-এর অসুস্থ পিতার সঙ্গে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে দেখা করার উদ্দেশ্যে তারা বৈধ পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
পরে আটক ব্যক্তিদের বিধি মোতাবেক মালামালসহ মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
জোন অধিনায়ক বলেন,সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড ও অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সদস্যরা সদা প্রস্তুত রয়েছে। আগামীতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবি ।