.webp)
পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভ ও অসন্তোষের মধ্যে গার্মেন্টস মালিকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং তৈরি পোশাকশিল্পের মালিকপক্ষের নেতারা অংশ নিয়েছেন। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।
এদিকে বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
একই দাবিতে ঢাকার সাভারেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। আশুলিয়া এলাকায় শত শত শ্রমিক সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।