
ইউরোপের ক্লাবগুলোর আগ্রহের মধ্যেও নিজের সিদ্ধান্তে অটল লিয়ান্দ্রো পারেদেস। এসি মিলানের পক্ষ থেকে আগ্রহের প্রস্তাব এলেও আর্জেন্টাইন এই মিডফিল্ডার আপাতত বোকা জুনিয়র্স ছাড়তে চান না। এমনকি এ বিষয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ না করার জন্যও মিলানের প্রতিনিধিদের অনুরোধ করেছেন তিনি।
মিলানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় পারেদেস তাদের আগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে একই সঙ্গে স্পষ্ট করে দেন, বর্তমানে বোকা জুনিয়র্স থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা তার নেই।
সাম্প্রতিক কয়েক দিনে ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাবের সঙ্গে পারেদেসের নাম জড়িয়েছে। এসি মিলানের সম্ভাব্য আগ্রহের খবর প্রকাশ্যে আসার পর বুয়েনস আইরেসের লা বোম্বোনেরাতেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পারেদেসের প্রতিনিধিরাও মিলানের সম্ভাব্য প্রস্তাবের অপেক্ষায় ছিলেন। শেষ পর্যন্ত অবশ্য ইতালিয়ান ক্লাবটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়নি।
২০২৫ সালের মাঝামাঝি রোমা ছেড়ে নিজের শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সে ফেরেন পারেদেস। প্রত্যাবর্তনের পর অল্প সময়ের মধ্যেই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি সমর্থকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।
বোকা জুনিয়র্সের সঙ্গে পারেদেসের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৮ সালের শেষ পর্যন্ত। দীর্ঘদিনের স্বপ্ন পূরণের লক্ষ্যেই ক্লাবটিতে ফিরেছিলেন তিনি। বর্তমানে বোকায় নিয়মিত খেলছেন এবং ভালো ফর্মেও রয়েছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।
জাতীয় দল নিয়েও নিজের ভবিষ্যৎ সম্পর্কে সম্প্রতি কিছুটা অনিশ্চয়তার কথা জানিয়েছেন পারেদেস। তবে বোকা জুনিয়র্সের হয়ে নিয়মিত মাঠে থাকার কারণে নিজের ছন্দ ধরে রাখার সুযোগ পাচ্ছেন তিনি। এর ফলে আর্জেন্টিনা জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের তালিকায় থাকার দৌড়েও এখনো ভালো অবস্থানে রয়েছেন পারেদেস।