
রোমাঞ্চে ভরা কোয়ার্টার ফাইনাল জিতে শেষ চারে জায়গা করে নিয়েছে স্পেন। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচে বেলজিয়ামকে ২-১ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে লুইস দে লা ফুয়েন্তের দল। ফাইনালে ওঠার লড়াইয়ে এবার তাদের সামনে অপেক্ষা করছে শক্তিশালী ফ্রান্স।
এর আগে প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফরাসিরা। পরে বেলজিয়ামকে বিদায় করে শেষ চারের দ্বিতীয় দল হিসেবে তাদের সঙ্গী হয় স্পেন। ইউরোপের দুই পরাশক্তির বহুল প্রতীক্ষিত সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুলাই। বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় মুখোমুখি হবে দুই দল।
বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই ফাভিয়ান রুইজের গোলে এগিয়ে যায় স্পেন। তবে বেশিক্ষণ সেই লিড ধরে রাখতে পারেনি তারা। চার্লস ডি কেটেলারার গোল করে ম্যাচে সমতা ফেরান।
দ্বিতীয়ার্ধে বড় ধাক্কা খায় বেলজিয়াম। দলের প্রথম গোলরক্ষক থিবো কোর্তোয়া চোট পেয়ে মাঠ ছাড়লে রক্ষণে চাপ বাড়ে। সেই সুযোগ কাজে লাগিয়ে ডি-বক্সের ভেতরের জটলা থেকে ফিরতি বলে জালে বল পাঠান মিকেল মেরিনো। তার সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে স্পেন।
এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে ফ্রান্স। অন্যদিকে দুর্দান্ত ছন্দে থাকা স্পেনও শিরোপার অন্যতম দাবিদার। তাই কিলিয়ান এমবাপের ফ্রান্স ও লামিনে ইয়ামালের স্পেনের মধ্যকার এই সেমিফাইনালকে অনেকেই ‘ফাইনালের আগের ফাইনাল’ হিসেবে দেখছেন। ইউরোপের দুই জায়ান্টের এই মহারণ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহও তুঙ্গে।