
চট্টগ্রামে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির প্রভাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রার কয়েকটি কর্মসূচি স্থগিত করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকালে দলটির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, আগামীকাল রোববার (১২ জুলাই) কুমিল্লা মহানগর ও হোমনায় এবং পরদিন সোমবার (১৩ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার তিনটি স্পটে নির্ধারিত জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে না। চট্টগ্রাম জেলার আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে এসব কর্মসূচি স্থগিত করা হয়েছে।
তবে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং একই দিন সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে এনসিপি। পরবর্তী কর্মসূচিগুলোও পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী চলবে।
এদিকে আজ শনিবার বিকেল ৩টায় চাঁদপুর সদরে এবং সন্ধ্যা ৬টায় মতলব উত্তরে নির্ধারিত দুটি পদযাত্রা যথাসময়ে অনুষ্ঠিত হবে। একইভাবে উত্তরাঞ্চলের কর্মসূচির মধ্যে রাজশাহীর গোদাগাড়ীতে বিকেল ৩টায় এবং চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সন্ধ্যা ৬টায় জুলাই পদযাত্রা যথারীতি আয়োজন করা হবে।