
বিশ্বকাপ ফুটবলে নিজের পছন্দের দলের নাম জানিয়ে আলোচনায় এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি প্রকাশ্যে বলেছেন, আর্জেন্টিনাই শিরোপা জিতুক—এটাই তার প্রত্যাশা। তবে এই সমর্থনের মূল কারণ হিসেবে তিনি লিওনেল মেসির নয়, বরং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলের নাম উল্লেখ করেছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একটি পডকাস্ট সাক্ষাৎকারে অংশ নিয়ে নেতানিয়াহু আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলের ভূয়সী প্রশংসা করেন। ইসরায়েলের প্রতি তার দৃঢ় সমর্থনের কথা উল্লেখ করে মিলেকে তিনি আর্জেন্টিনার ‘আসল সুপারস্টার’ হিসেবে অভিহিত করেন।
মিলের নেতৃত্বে ইসরায়েল ও আর্জেন্টিনার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার প্রেক্ষাপটে নেতানিয়াহুর এই মন্তব্য সামনে এসেছে। সম্প্রতি দুই দেশ ‘আইজ্যাক অ্যাকর্ডস’ ঘোষণা করেছে, যার লক্ষ্য কৌশলগত, কূটনৈতিক এবং অর্থনৈতিক সহযোগিতা আরও বিস্তৃত করা।
‘মোজো পডকাস্ট’-এ অংশ নেওয়ার সময় বিশ্বকাপ নিয়ে নিজের আগ্রহের কথাও জানান নেতানিয়াহু। উপস্থাপক জানতে চান, এবারের আসরে তিনি কোন দলকে সমর্থন করছেন। জবাবে তিনি বলেন, তার নজর আর্জেন্টিনার দিকেই রয়েছে।
উপস্থাপক সঙ্গে সঙ্গে লিওনেল মেসির প্রসঙ্গ তুললেও নেতানিয়াহু প্রথমেই প্রেসিডেন্ট হাভিয়ের মিলের কথা বলেন। আর্জেন্টাইন নেতার প্রশংসা করে তিনি বলেন, ‘মিলে ইসরায়েলের একজন বড় বন্ধু।’
নেতানিয়াহু আরও জানান, অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে মিলের সঙ্গে আলোচনা করতে তিনি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে পরে তিনি আর্জেন্টিনা দলের ফুটবল সামর্থ্যেরও প্রশংসা করেন। তার ভাষায়, দেশটির একটি ‘খুব ভালো দল’ রয়েছে এবং সেখানে একজন ‘বিশেষভাবে অভিজ্ঞ’ খেলোয়াড়ও আছেন—যার মাধ্যমে তিনি স্পষ্টতই লিওনেল মেসির দিকেই ইঙ্গিত করেছেন।
আলাপের একপর্যায়ে উপস্থাপক বলেন, মেসি প্রায় দুই দশক ধরে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলছেন এবং এ বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে তার কোনো মিল খুঁজে পাওয়া যায় কি না। উত্তরে ইসরায়েলের প্রধানমন্ত্রী স্মরণ করেন, একটি ম্যাচ উপলক্ষে মেসি ইসরায়েল সফরে গেলে তার সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছিল।