আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে নিজেকে প্রমাণ করে চলেছেন নাহিদ রানা। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আবারও পাঁচ উইকেট শিকার করেছেন এই গতিতারকা। মাত্র ৬ ওভারে ১২ রান খরচায় ৫ উইকেট নিয়ে স্বাগতিক ব্যাটিং লাইনআপে একাই ধস নামান তিনি।
হারারেতে সোমবার (৬ জুলাই) টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা স্বস্তিতে থাকলেও নাহিদের আগুনঝরা স্পেলে দ্রুত ছন্দ হারায় জিম্বাবুয়ে। গতি, বাউন্স ও নিখুঁত ইয়র্কারের সামনে দাঁড়াতেই পারেননি স্বাগতিক ব্যাটাররা।
প্রথমে সিকান্দার রাজাকে মাত্র ১ রানে ফিরিয়ে জিম্বাবুয়ের মধ্যক্রমে চাপ তৈরি করেন নাহিদ। এরপর ওয়েসলি মাধেভেরে, মাদানধে ও ইনোসেন্ট কাইয়াকে সাজঘরে ফেরান তিনি। নিজের পঞ্চম শিকার তুলে নেন জিম্বাবুয়ের অষ্টম উইকেট ফেলে। ১৩ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটি তার তৃতীয় পাঁচ উইকেট শিকার।
এই কীর্তিতে বাংলাদেশের পেসারদের মধ্যে পাঁচ উইকেট শিকারের তালিকায় এককভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন নাহিদ। তার ওপরে রয়েছেন শুধু মোস্তাফিজুর রহমান, যিনি ওয়ানডেতে ছয়বার পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন।
নাহিদের বিধ্বংসী বোলিংয়ে একসময় ৬৯ রানেই ৭ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে জিম্বাবুয়ে। পরে নবম উইকেটে রিচার্ড এনগারাভা ও ট্রেভর নিয়ামুরির লড়াকু জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্বাগতিকরা। এখন পর্যন্ত তারা নবম উইকেটে অর্ধশতাধিক রানের জুটি গড়ে দলকে দেড়শ রানের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
এর আগে ম্যাচের শুরুতে একটি রানআউট এবং তাসকিন আহমেদের আঘাতে জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি ভাঙলেও ইনিংসের মোড় ঘুরিয়ে দেন নাহিদ। তার দুর্দান্ত স্পেলেই বাংলাদেশের নিয়ন্ত্রণ পুরোপুরি প্রতিষ্ঠিত হয় এবং জিম্বাবুয়ের বড় সংগ্রহের সম্ভাবনা প্রায় শেষ হয়ে যায়।