
বিশ্বকাপে বিরল এক সিদ্ধান্তে ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডজনিত এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করেছে ফিফা। এর আগে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে ফিফার সিদ্ধান্তের পর সংস্থাটিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ফলে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন যুক্তরাষ্ট্রের এই তারকা ফরোয়ার্ড।
রাউন্ড অব বত্রিশে বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারানোর ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড় তারিক মুহারেমোভিচের গোড়ালিতে ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখেন বালোগান। সেই ঘটনায় স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়েন তিনি।
পরে মার্কিন একাধিক গণমাধ্যম জানায়, বালোগানের নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে ফিফার সঙ্গে সরাসরি যোগাযোগ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর ফিফা শাস্তি বহাল না রেখে তা এক বছরের জন্য শর্তসাপেক্ষে স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
এক বিবৃতিতে ফিফা জানায়, শৃঙ্খলাবিধির ২৭ নম্বর ধারা অনুযায়ী বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের পরীক্ষামূলক সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। এ সময়ের মধ্যে তিনি একই ধরনের গুরুতর শৃঙ্খলাভঙ্গ করলে স্থগিতাদেশ বাতিল হবে এবং বর্তমান শাস্তির পাশাপাশি নতুন অপরাধের জন্য নির্ধারিত শাস্তিও কার্যকর হবে।
ফিফার এই সিদ্ধান্তের পর সামাজিক মাধ্যমে সংস্থাটিকে ধন্যবাদ জানান ট্রাম্প। তার এ প্রতিক্রিয়া ফুটবল অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচে তিন গোল করেছেন ২৫ বছর বয়সী বালোগান। তার নিষেধাজ্ঞা স্থগিত হওয়ায় মঙ্গলবার (৭ জুলাই) সিয়াটলের লুমেন ফিল্ডে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে পারবে স্বাগতিক যুক্তরাষ্ট্র।