
ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়ায় গরুবাহী পিকআপ ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনায় পিকআপে থাকা ছয়টি গরুও মারা গেছে।
সোমবার (৬ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজারে ব্র্যাক ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার শিকার বাসটি ঢাকা-কিশোরগঞ্জ রুটে চলাচলকারী ‘অনন্যা ক্লাসিক’ পরিবহনের। ঘটনার সময় বাসটি ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। অন্যদিকে গরুবোঝাই তিনটি পিকআপ ভ্যান কিশোরগঞ্জ থেকে নরসিংদীর দিকে যাচ্ছিল। এর মধ্যে সামনের পিকআপ ভ্যানটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে।
দুর্ঘটনায় নিহত তিনজনই পিকআপ ভ্যানের আরোহী। আহত দুইজন বাসের চালক ও তার সহকারী (হেলপার)। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের সদস্য ও থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।