
বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে ফের নিজেদের প্রতিষ্ঠিত করেছে ব্রাজিল। হাইতির বিপক্ষে বড় জয়ের ম্যাচে গোলসংখ্যা বাড়িয়ে জার্মানিকে পেছনে ফেলে আবারও শীর্ষস্থান দখল করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
টুর্নামেন্ট শুরুর আগে বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক গোলের রেকর্ড ছিল ব্রাজিলের দখলে। তবে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে সেই অবস্থান দখল করে নেয় জার্মানি। কিন্তু হাইতির বিপক্ষে ম্যাচে ম্যাথিউস কুনহার জোড়া গোলের সুবাদে আবারও তালিকার শীর্ষে উঠে এসেছে ভিনিসিয়ুস জুনিয়রদের দল।
ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচ শেষে বিশ্বকাপে ব্রাজিলের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৪১। ফলে ২৩৯ গোল নিয়ে থাকা জার্মানিকে ছাড়িয়ে গেছে সেলেসাওরা।
চলমান বিশ্বকাপে সর্বকালের গোলরেকর্ড নিয়ে ব্রাজিল ও জার্মানির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার সঙ্গে দুই দলের ব্যবধান এখনও অনেক বেশি। আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির হ্যাটট্রিকের পরও আর্জেন্টিনার মোট গোলসংখ্যা হয়েছে ১৫৫, যা শীর্ষ দুই দলের তুলনায় অনেক পিছিয়ে।
বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোল করা দলগুলোর তালিকা:
১. ব্রাজিল — ২৪১ গোল
২. জার্মানি — ২৩৯ গোল
৩. আর্জেন্টিনা — ১৫৫ গোল
৪. ফ্রান্স — ১৩৯ গোল
৫. ইতালি — ১২৮ গোল
৬. স্পেন — ১০৮ গোল
৭. ইংল্যান্ড — ১০৮ গোল
৮. নেদারল্যান্ডস — ৯৮ গোল
৯. উরুগুয়ে — ৯০ গোল
১০. হাঙ্গেরি — ৮৭ গোল