
চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে নিয়ে রসিকতা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। মজার ছলে তিনি নেইমারকে বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা ফুটবলার বলে মন্তব্য করেছেন।
শুক্রবার (১৯ জুন) বেলো হরিজেন্তেতে সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় ক্যানসার চিকিৎসা খাতে বিনিয়োগসংক্রান্ত এক অনুষ্ঠানে অংশ নেন প্রেসিডেন্ট লুলা। অনুষ্ঠানে উপস্থিত এক শিশুর সঙ্গে আলাপকালে তিনি জানতে চান, বর্তমানে ব্রাজিল জাতীয় দলের সেরা খেলোয়াড় কে। উত্তরে শিশুটি নেইমারের নাম বললে লুলা হাস্যরসের ভঙ্গিতে বলেন, ‘নেইমার তো খেলছেই না! সে হলো বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড়, যাকে দলে ডাকা হয়েছে।’
এ সময় ভবিষ্যতের ফুটবল নিয়েও রসিকতা করেন ব্রাজিলের এই রাষ্ট্রপ্রধান। তিনি বলেন, ‘এমন দিনও আসবে, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে আমাদের জাতীয় দল বানাতে হবে—এগারোজন পেলের দল!’
লুলার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে সাবেক ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জইর বোলসোনারোর সমর্থক হিসেবে পরিচিত নেইমারকে নিয়ে এমন মন্তব্য রাজনৈতিক অঙ্গনেও দৃষ্টি কাড়ে।
বর্তমানে ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন নেইমার। গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে কাফে চোট পান তিনি। এরপর থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এই ফরোয়ার্ড। প্রায় এক মাস ধরে মাঠের বাইরে থাকা নেইমার চলমান বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে দর্শক হিসেবেই উপস্থিত ছিলেন।
চোট ও ফিটনেস সমস্যার কারণে জাতীয় দলের গুরুত্বপূর্ণ সময়ে তার অনুপস্থিতি ব্রাজিল সমর্থকদের মধ্যেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।