
রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের উত্তেজনার রেশ কাটতে না কাটতেই শাস্তির মুখে পড়লেন বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন সুলতানা। আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাদের ম্যাচ ফির ১০ শতাংশ করে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
গত বুধবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই ঘটনা ঘটে। ওই ম্যাচে আইসিসির আচরণবিধির লেভেল–১ ভঙ্গ করায় শাস্তি দেওয়া হয় এই দুই খেলোয়াড়কে।
আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, নাহিদা আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘন করেছেন। এই ধারায় উল্লেখ রয়েছে, কোনো ব্যাটার আউট হওয়ার পর এমন ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি ব্যবহার করা যাবে না—যা অবমাননাকর বা প্রতিপক্ষকে উসকে দিতে পারে।
অন্যদিকে শারমিন সুলতানা ভঙ্গ করেছেন ২.৮ ধারা, যা আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের সঙ্গে সম্পর্কিত।
ম্যাচের ঘটনাপ্রবাহ অনুযায়ী, সফরকারী শ্রীলঙ্কা দল ৪ উইকেটে জয় পেয়ে সিরিজে সমতা ফেরায়। তাদের ইনিংসের ১৭তম ওভারে অধিনায়ক চামারি আতাপাত্তু আউট হলে নাহিদা তাকে সাজঘরের দিকে ইঙ্গিত করে বিদায় জানান। এর আগে বাংলাদেশের ইনিংসের ১৬তম ওভারে এলবিডব্লিউ সিদ্ধান্তে আউট হওয়ার পর শারমিন ব্যাট দেখিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং কিছুটা দেরিতে মাঠ ত্যাগ করেন।
জরিমানার পাশাপাশি নাহিদা ও শারমিন—দুজনেরই শৃঙ্খলাজনিত রেকর্ডে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এটি তাদের প্রথম অপরাধ।
উভয় ক্রিকেটার নিজেদের দোষ স্বীকার করেছেন এবং আইসিসির আন্তর্জাতিক ম্যাচ রেফারি প্যানেলের সদস্য সুপ্রিয়া রানি দাসের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।