
১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট থানা পুলিশ। গত শনিবার (১৮ এপ্রিল) ভুক্তভোগী ব্যবসায়ী মিজানুর রহমান থানায় মামলা দায়ের করলে একই দিন তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান। তিনি জানান, প্রতারণার অভিযোগে মামলা হওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এখনো পূজা চেরি বা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সিনেমা প্রযোজনার ব্যবসার কথা বলে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মাটিকাটা এলাকার বাসায় গিয়ে দেবু প্রসাদ রায় ভুক্তভোগী ও তার বন্ধু মিজানুর রহমানের কাছ থেকে নগদ ৫ কোটি ৫০ লাখ টাকা ধার নেন।
পরে একই ব্যবসার কথা বলে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মাধ্যমে আরও ৫০ লাখ টাকা গ্রহণ করেন। এছাড়া ২০২৪ সালের ১৫ মে তিনটি ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প সম্পাদনের মাধ্যমে আরও ৬ কোটি টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, বিভিন্ন সময়ে বিকাশ, নগদ ও রকেটের একাধিক নম্বরে মোট ১ কোটি ২০ লাখ টাকা পাঠানো হয়। সর্বশেষ ২০২৬ সালের ৩০ মার্চ অভিযুক্তের অনুরোধে আরও ১০ হাজার ২০০ টাকা বিকাশে পাঠান অভিযোগকারী।
সব মিলিয়ে প্রায় ১৩ কোটি ২০ লাখ টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার আর্থিক লেনদেন, নথিপত্র ও সংশ্লিষ্ট তথ্য যাচাই করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।