
আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে দর্শক ও পর্যটকদের নিরাপত্তা এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। পরিস্থিতি বিবেচনায় ভ্রমণকারীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ সতর্কতা প্রকাশ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ কয়েকটি মার্কিন নাগরিক ও মানবাধিকার সংগঠন। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতির কঠোর প্রয়োগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর আচরণ নিয়ে উদ্বেগের কারণে বিদেশি দর্শকদের ঝুঁকির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে।
সংগঠনগুলোর ভাষ্য অনুযায়ী, বিশ্বকাপ আয়োজনকারী দেশ, আয়োজক শহর কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত মানবাধিকার সুরক্ষায় পর্যাপ্ত ও সুস্পষ্ট নিশ্চয়তা পাওয়া যায়নি। তাই এই সতর্কবার্তা দেওয়া প্রয়োজন হয়ে পড়েছে।
সতর্কবার্তায় আশঙ্কা প্রকাশ করা হয় যে, দর্শকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে অনাকাঙ্ক্ষিত বাধার মুখে পড়তে হতে পারে, কিংবা সীমান্তে বা অভ্যন্তরে দীর্ঘ সময় আটক থাকতে হতে পারে। এছাড়া মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম তল্লাশির মতো বিষয়েও উদ্বেগ জানানো হয়েছে।
বিশেষ করে লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও মিনিয়াপোলিসসহ কয়েকটি শহরে অভিবাসনবিরোধী অভিযান ও বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপের অভিযোগের কথাও উল্লেখ করা হয়।
অন্যদিকে মার্কিন ট্রাভেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণ নীতি নিয়ে কিছু উদ্বেগ থাকলেও বাস্তব পরিস্থিতিকে অতিরঞ্জিত করা হচ্ছে। গত বছর দেশটিতে বিপুল সংখ্যক আন্তর্জাতিক পর্যটক প্রবেশ করেছে বলেও তারা দাবি করে।
ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে জানায়, তারা আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালা সম্মান করে এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে।
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে। মোট ১০৪টি ম্যাচের বড় অংশই আয়োজন করবে যুক্তরাষ্ট্রের একাধিক স্টেডিয়াম।