
অভিষেক মঞ্চেই দারুণ এক বার্তা দিল বাংলাদেশের নারী হকি দল। এশিয়ান গেমস হকির বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে নতুন এক ইতিহাসের সূচনা করল লাল-সবুজের প্রতিনিধিরা।
শুক্রবার (২৪ এপ্রিল) উজবেকিস্তানের বিপক্ষে ৩-২ গোলের লড়াকু জয়ে পূর্ণ তিন পয়েন্ট পায় বাংলাদেশ। এই জয়ে সেমিফাইনালের পথে গুরুত্বপূর্ণ এক ধাপ এগিয়ে গেল দলটি।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপের সঙ্গে ৫-৫ গোলে ড্র করেছিল বাংলাদেশের মেয়েরা। ফলে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে তারা। সমান ম্যাচে উজবেকিস্তানের সংগ্রহ ৩ পয়েন্ট।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে শারিকা রিমন প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। তবে পরের মিনিটেই সমতা ফেরায় উজবেকিস্তান, পেনাল্টি কর্নার থেকেই গোল করেন মাদিনাবানু খুজায়েভা।
২৪ মিনিটে আবারও লিড নেয় বাংলাদেশ। আক্রমণ থেকে কনা আক্তার গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন। বিরতির পরও আক্রমণের ধার বজায় রেখে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ, পেনাল্টি কর্নার থেকে গোল করেন আরলিন রিয়া।
শেষ দিকে ৪৬ মিনিটে খেইদারোভা জুলখোমোরের গোলে ব্যবধান কমায় উজবেকিস্তান। তবে শেষ পর্যন্ত রক্ষণ সামলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ২৬ এপ্রিল হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে অন্তত এক পয়েন্ট পেলেই এশিয়ান গেমসে খেলার স্বপ্ন আরও দৃঢ় হবে দলের।