
সিরিজ নির্ধারণী ম্যাচের ঠিক আগমুহূর্তে শাস্তির মুখে পড়ল বাংলাদেশ দল। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) স্লো-ওভার রেটের কারণে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলকে জরিমানা করেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। তার আগেই বুধবার (২২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি এই শাস্তির বিষয়টি নিশ্চিত করে।
আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের তুলনায় ধীরগতির বোলিংয়ের জন্য বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়া হবে।
ঘটনার সূত্রপাত দ্বিতীয় ওয়ানডেতে। ওই ম্যাচে বাংলাদেশ নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার কম বোলিং করে। এ বিষয়ে অভিযোগ তোলেন মাঠের আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। পরে আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট শাস্তির সিদ্ধান্ত দেন।
আইসিসির খেলোয়াড় ও স্টাফ আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের চেয়ে প্রতি ওভার কম বোলিংয়ের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা আরোপ করা হয়। সে হিসাবে দুই ওভার কম করায় বাংলাদেশকে মোট ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
এ ঘটনায় অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন, ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।