
কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। বিশেষ করে প্রচলিত জ্বালানি, পরিচ্ছন্ন প্রযুক্তি এবং ছোট আকারের মডুলার রিঅ্যাক্টর (এসএমআর)–এর মতো উদীয়মান খাতে অংশীদারত্ব গড়ে তুলতে চায় ঢাকা।
বুধবার (২২ এপ্রিল) প্রাপ্ত এক বার্তায় জানানো হয়, কানাডায় বাংলাদেশের হাইকমিশনার মো. জসিম উদ্দিন তার সফরের অংশ হিসেবে সাসকাচোয়ান প্রদেশে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে এ আগ্রহের কথা তুলে ধরেন।
সাসকাচোয়ানের প্রিমিয়ার স্কট মো-এর সঙ্গে বৈঠকে তিনি ‘বাংলাদেশ–সাসকাচোয়ান সহযোগিতা কাঠামো’ গঠনের প্রস্তাব দেন। এই কাঠামোর আওতায় জ্বালানি, কৃষি, কৃষি ও খাদ্য সরবরাহ শৃঙ্খল এবং গবেষণা সহযোগিতা বাড়ানোর বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। প্রিমিয়ার প্রস্তাবটিকে স্বাগত জানান এবং দ্রুত ও দীর্ঘমেয়াদি সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
জ্বালানি সহযোগিতা বৈঠকের মূল কেন্দ্রবিন্দু ছিল। বাংলাদেশ জ্বালানি মিশ্রণ বৈচিত্র্যময় করতে প্রচলিত জ্বালানির পাশাপাশি পরিচ্ছন্ন প্রযুক্তি ও পারমাণবিক ছোট মডুলার রিঅ্যাক্টর (এসএমআর) খাতে কানাডার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বলে জানানো হয়।
হাইকমিশনার সাসকাচোয়ানের জ্বালানি ও কৃষিমন্ত্রীদের সঙ্গেও আলাদা বৈঠক করেন। সেখানে প্রযুক্তিগত সহযোগিতা, গবেষণা অংশীদারিত্ব এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ নিয়ে আলোচনা হয়।
বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার ক্ষেত্রেও দুই পক্ষ গুরুত্ব দেয়। বিশেষ করে কৃষি ও খাদ্যপণ্য, পটাশ সার এবং ক্যানোলা-ভিত্তিক ভোজ্য তেল উৎপাদনের মতো খাতে সম্ভাবনা তুলে ধরা হয়।
সফরকালে হাইকমিশনারকে রেজিনার গভর্নমেন্ট হাউসে অভ্যর্থনা জানানো হয় এবং তিনি স্থানীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গেও মতবিনিময় করেন। এছাড়া বিভিন্ন বাণিজ্য ও প্রযুক্তি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।