
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বুধবার (২২ এপ্রিল) অন্তত তিনটি কন্টেইনার জাহাজে হামলার ঘটনা ঘটেছে। সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) বিষয়টি নিশ্চিত করেছে।
ইউকেএমটিও জানায়, ওমানের উত্তর-পূর্বাঞ্চলে লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে গুলি ও রকেট-চালিত গ্রেনেড দিয়ে হামলা চালানো হয়। এতে জাহাজের ব্রিজ অংশ ক্ষতিগ্রস্ত হয়।
জাহাজের ক্যাপ্টেন দাবি করেন, হামলার আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর একটি গানবোট কাছাকাছি এসে কোনো সতর্কবার্তা ছাড়াই গুলি চালায়। গানবোটে তিনজন আরোহী ছিলেন বলে তিনি জানান।
আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, জাহাজটিকে একাধিকবার সতর্ক করা হলেও তা উপেক্ষা করা হয়।
এ ছাড়া ইরান থেকে প্রায় আট নটিক্যাল মাইল পশ্চিমে পানামার পতাকাবাহী আরেকটি কন্টেইনার জাহাজেও গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং নাবিকরা নিরাপদ আছেন।
তৃতীয় ঘটনায় আরেকটি লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ লক্ষ্য করে গুলি চালানো হলেও সেটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েনি। তবে জাহাজটি মাঝসমুদ্রে থেমে যায়।
বিশ্লেষকদের মতে, এই হামলার ঘটনায় হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্ব তেল ও এলএনজি সরবরাহের বড় একটি অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়, ফলে এ অঞ্চলের অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে সরাসরি প্রভাব ফেলতে পারে। সূত্র: রয়টার্স