
সমুদ্রসীমানায় উত্তাপ ছড়িয়ে ওমান উপকূলের কাছে একটি মালবাহী জাহাজে গোলাবর্ষণ করেছে ইরানের সামরিক বাহিনীর একটি নৌকা।
বুধবার (২২ এপ্রিল) মিডিল ইস্ট আই প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ওমান সংলগ্ন সমুদ্রসীমায় একটি কন্টেইনার জাহাজকে লক্ষ্য করে গুলি ছোড়ার খবর পাওয়া গেছে। ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, এই হামলার ফলে জাহাজটির 'ব্রিজ' বা নিয়ন্ত্রণ কক্ষটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, ওমান উপকূল থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট একটি ছোট নৌকা জাহাজটির খুব কাছে চলে আসে এবং আক্রমণ চালায়।
ঘটনার বিষয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট জাহাজটি বারবার প্রদান করা সতর্ক সংকেত উপেক্ষা করছিল। ফলে ইরানের সামরিক বাহিনী উক্ত জাহাজের ওপর “সামুদ্রিক আইন” প্রয়োগ করেছে।
আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ নৌপথে এ ধরনের গোলাবর্ষণের ঘটনায় ওই অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তবে এই ঘটনায় জাহাজটির কোনো নাবিক হতাহত হয়েছেন কি না, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।