
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বয়কট করার ঘোষণা দিয়েছে দেশটি।
রোববার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তান সরকার নিশ্চিত করেছে, বাবর আজম ও শাহীন আফ্রিদিদের নেতৃত্বে গঠিত জাতীয় দলকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে। পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, পাকিস্তান ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশ নেবে। তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।
এর আগে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রোববার সন্ধ্যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।
বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় পাকিস্তানও পুরো টুর্নামেন্ট বয়কট করতে পারে—এমন গুঞ্জন গত কয়েক দিন ধরে দেশটির গণমাধ্যমে আলোচিত হচ্ছিল। এ ইস্যুতে বাংলাদেশ প্রসঙ্গে আইসিসির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগও তুলেছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।
দীর্ঘ আলোচনা ও সমালোচনার পর অবশেষে আজ এ বিষয়ে সরকারের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা এলো।