
নওগাঁর নিয়ামতপুরে এক নির্বাচনি জনসভায় সনাতন ধর্মাবলম্বী পাঁচ যুবক আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গুজিশহর উচ্চ বিদ্যালয় মাঠে বাহাদুরপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত ওই সমাবেশে তারা দলে যোগদানের ঘোষণা দেন।
অনুষ্ঠানে নওগাঁ-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম নতুন সদস্যদের ফুলেল মালা পরিয়ে স্বাগত জানান। জামায়াতে যোগ দেওয়া যুবকেরা হলেন— শ্রীমন্তপুর ইউনিয়নের গোল স্কুলপাড়া গ্রামের শ্রী কালিদাস, শ্রী শুভ, শ্রী খলিল, শ্রী সজিব রায় ও শ্রী রাজকুমার।
দলে যোগ দেওয়ার অনুভূতি জানিয়ে শ্রী রাজকুমার বলেন, “বাংলাদেশে বর্তমানে যতগুলো রাজনৈতিক দল রয়েছে তার মধ্যে জামায়াতের আদর্শ ভালো লেগেছে। তাদের কথা এবং কাজের সঙ্গে মিল পেয়েছি। যার কারণে দলে যোগ দিয়েছি। তাদের সঙ্গে থেকেই রাজনীতি করতে চাই।”
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, “আগামীর বাংলাদেশে বিভাজনের কোনও রাজনীতি থাকবে না। সবাইকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলা হবে। জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে অনেকেই এখন জামায়াতে যোগ দিচ্ছেন। মানুষ ৫ আগস্টের পর পরিবর্তন দেখতে চায়। জামায়াতের হাত ধরেই সেই পরিবর্তন দেখতে পারবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুব বিভাগের যুগ্ম সদস্য সচিব নিশাদ আহমেদ, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা নওশাদ আলী, নিয়ামতপুর উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন, নওগাঁ অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য এস এম জুবায়ের, নিয়ামতপুর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবু তাহেরসহ অন্যান্য নেতাকর্মীরা।